সীমান্তের পুরোটাতেই কাঁটাতারের বেড়া চায় ভারত —স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০০:২৩

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর গতকাল শুক্রবার দেশে ফিরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারত সীমান্তের পুরোটাতেই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায়। জবাবে তিনি ভারতের মন্ত্রীকে বলেছেন, আইন অনুযায়ী করা হলে তাতে বাংলাদেশের আপত্তি করার কিছু নেই। বিবিসি বাংলাকে তিনি বলেন, এই বর্ডারকে তারা কাঁটাতারের আওতায় আনতে চাচ্ছে পুরোটাই। আমরা বলেছি জয়েন্ট বাউন্ডারি অ্যাক্ট অনুযায়ী আগে তারা যেভাবে করেছে সেভাবে বাকিটা করলে আমাদের অসুবিধা নেই।

অনুপ্রবেশ ইস্যুতে মতবিরোধ

অমিত শাহের সঙ্গে তার আর কী কী বিষয়ে কথা হয়েছে—এ প্রশ্নে আসাদুজ্জামান খান বলেন, ভারত বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তুলে তা ঠেকাতে সীমান্তে বাংলাদেশকে ব্যবস্থা নিতে বলেছে।

তিনি ভারতকে জানিয়েছেন যে, বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো বাংলাদেশি ভারতে যায় না। বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লির বৈঠকে আলোচনা হলেও অনুপ্রবেশ ইস্যুতে ঐকমত্য না হওয়ায় কোনো যৌথ বিবৃতি দেওয়া হয়নি। দুই দেশ আলাদা আলাদাভাবে বক্তব্য তুলে ধরেছে। অনুপ্রবেশ ইস্যু যৌথ বিবৃতিতে রাখার ব্যাপারে ভারতের দিক থেকে একটা চাপ তৈরি করা হয়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

যদিও অবৈধ অনুপ্রবেশের বিষয়টি এবার বাংলাদেশ এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের আলোচ্যসূচিতে ছিল না, কিন্তু ভারতের পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশের গুরুত্ব দিয়ে তোলা হয় বলে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে। ঐ সূত্রগুলো বলেছে, অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশ ভারতের বক্তব্য গ্রহণ করেনি।