পিএমওর আওতাধীন সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে এপিএ স্বাক্ষর

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০০:২৪

কার্যকর, দক্ষ এবং গতিশীল প্রশাসনের আওতায় সরকারের উন্নয়ন লক্ষ্যসমূহ বাস্তবায়নের উদ্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) তার সাতটি সংস্থার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে। গতকাল শুক্রবার বিকালে পিএমওতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ এপিএগুলো স্বাক্ষর হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পিএমও সচিব সাজ্জাদুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

যেসব প্রতিষ্ঠানগুলো এদিন এপিএ স্বাক্ষর করে সেগুলো হচ্ছে—বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ (পিপিপিএ), এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (এসএসডিএ) এবং আশ্রয়ণ-২ প্রকল্প। পিএমওর পক্ষে এর সচিব সাজ্জাদুল হাসান এবং বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বিডার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলকামা সিদ্দিকী, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহাদাত হোসেন, এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেইন এবং আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন নিজ নিজ সংস্থার পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।