ব্রিটেনে বিদ্যুত্ বিপর্যয়, রেল ও বিমান সার্ভিস ব্যাহত

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০০:৩০

ব্রিটেনে বড় ধরনের বিদ্যুত্ বিপর্যয় ঘটেছে। এতে বাড়িসহ রেল ও বিমান সার্ভিস ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ন্যাশনাল গ্রিড জানিয়েছে, দুটি জেনারেটরের কারণে শুক্রবার এই বিপর্যয় ঘটে। তবে সমস্যার সমাধান হয়েছে। সমাধানের আগেই রেল ও বিমানে শিডিউল বিপর্যয় ঘটে। সাউথ ইস্ট, মিডল্যান্ডস, সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট এবং ওয়েলসে অনেক সময় ধরে বিদ্যুত্ ছিল না। ইংল্যান্ড এবং ওয়েলসে ট্রেনের শিডিউলে বিপর্যয় হয়। কিছু বাতিলও করা হয়। লন্ডনের ট্রাফিক ব্যবস্থাও ভেঙে পড়ে। কিংস ক্রসের সব ট্রেন বন্ধ করে দেওয়া হয়। ওয়াটার লু স্টেশনে কোনো ট্রেনই ছেড়ে যায়নি। নিউ ক্যাসেল এয়ারপোর্টের যাত্রীরা জানিয়েছেন, বিদ্যুত্ বিপর্যয়ের কারণে ১৫ মিনিট বিমান ছাড়তে দেরি হয়। তবে হিথ্রো, গ্যাটউইক এবং লুটন বিমানবন্দরে কোনো সমস্যা হয়নি। -বিবিসি