ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলির অবস্থা সংকটাপন্ন। তিনি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) ভর্তি হয়েছেন। শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে তিনি গতকাল ভর্তি হন। তাকে হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বাস্থ্যমন্ত্রীসহ অনেকে।
অরুণ জেটলির স্বাস্থ্যের বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতিতে এইমস জানিয়েছে, জেটলি বহির্বিভাগে চিকিত্সকদের তত্ত্বাবধানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিত্সাধীন। জেটলি মে মাসে এইমসে ভর্তি হয়ে রেনাল ট্র্যান্সপ্ল্যান্টও করিয়েছিলেন। ওই সময় অর্থমন্ত্রীর পদ থেকে তিনি দীর্ঘসময় ছুটি নিয়েছিলেন। কিডনি প্রতিস্থাপনের পর তার স্বাস্থ্যের আরো অবনতি হয়। ডায়াবেটিসের রোগী জেটলি চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রের হাসপাতালে ছিলেন বলে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেটেও উপস্থিত থাকতে পারেননি। অরুণ জেটলি বছরের শুরুতেই স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী হিসাবে পদত্যাগ করেছিলেন। লোকসভা নির্বাচনে দলের জয়ের পরও তিনি বিজেপি নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে অস্বীকার করেন। -এনডিটিভি
