মাদক বিক্রি নিয়ে গভীর রাতে টর্চলাইট জ্বালিয়ে ৪ গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আপডেট : ০১ জুন ২০২৬, ১৭:৩১

হবিগঞ্জে মাদক বিক্রি করার ঘটনাকে কেন্দ্র করে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের নারী–পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

রোববার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ১০ টার দিকে সদর হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিণ গ্রামের এক যুবকের সঙ্গে চরহামুয়া গ্রামের এক যুবকের মাদক বিক্রি নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এরই জের ধরে বনদক্ষিণ ও চরহামুয়া গ্রামবাসী স্থানীয় নতুন বাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে বনদক্ষিণ গ্রামের পক্ষে সুলতানশী ও চরহামুয়া গ্রামের পক্ষে বনগাঁও গ্রামবাসীও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চার গ্রামের লোকজন একে অপরের ওপর হামলা করে। চারদিকে চিৎকার–চেঁচামেচি ও দৌড়াদৌড়িতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি কাঁদানে গ্যাসের শেল ও চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত প্রায় ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন বলেন, চার গ্রামের লোকজনের মধ্যে রাতের অন্ধকারে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এ ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে। সোমবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 
ইত্তেফাক/এমএসআর