ডিপিএলে বিসিবি খাবার দেওয়ায় চিন্তামুক্ত থাকছে দলগুলো

আপডেট : ০১ জুন ২০২৬, ১৮:৫৬

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা সহজ করতে এক নতুন ও ইতিবাচক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অতীতে এই টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর ক্রিকেটার ও স্টাফদের দুপুরের খাবারের ব্যবস্থা করতে হতো সংশ্লিষ্ট ক্লাবের মালিকপক্ষকে। তবে চলমান আসরে সেই নিয়মে পরিবর্তন এনে অংশগ্রহণকারী সব দলের দুপুরের খাবারের (লাঞ্চ) ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের এই নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। সোমবার (১ জুন) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই উদ্যোগকে ক্লাবগুলোর জন্য এক বিশাল ‘স্বস্তি’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, আগে খেলোয়াড়দের খাবারের ব্যবস্থা করতে হতো দলকে। সেই হিসেবে এবার নতুন দায়িত্ব নিয়েছে বিসিবি, যা দলগুলোর জন্য বড় স্বস্তি। 

বাবুল বলেন, ‘মান নিয়ে কথা.., আমরা ন্যাচারালি যে খাবারটা খাই, এটা হয়তো কোনো টিম নিজের উদ্যোগে আনে, তখন তাদের একটা আলাদা একটা সময় ব্যয় হয় বা কী খাবে ওইটা নিয়া চিন্তিত থাকে। বিভিন্ন মাঠে যায়, ওইখানে ওই খাওয়াগুলো আছে কিনা... কিন্তু বোর্ড এটা করছে এতে অন্তত দুপুরের খাবার নিয়ে ক্লাবগুলোকে চিন্তা করতে হচ্ছে না। প্লেয়াররা যেসব খাবার খেয়ে অভ্যস্ত, সেই খাবারগুলোই সরবরাহ করা হচ্ছে। এদিক দিয়ে অনেকটা চিন্তামুক্ত থাকছে টিমগুলো। আমি বলব যে, এটা খুব ভালো উদ্যোগ। আমাদের পক্ষ থেকে আমি বোর্ডকে ধন্যবাদ জানাই।’

 
ইত্তেফাক/এমএসআর