ধর্ষণের শিকার কিশোরীর ছবি ও পরিচয় প্রকাশ

চকরিয়া থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

আপডেট : ০৩ জুন ২০২৬, ২১:৫৭

ধর্ষণের শিকার কিশোরীর ছবি ও পরিচয় প্রকাশের অভিযোগে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৩ জুন) স্বরাষ্ট্রসচিব, আইজিপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

এ নোটিশের বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এস. এম. জুলফিকার আলী জুনু বলেন, ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব এমন ছবি কিংবা তথ্য প্রকাশ করা আইন, মানবাধিকার এবং ভিকটিম সুরক্ষার নীতিমালার পরিপন্থী। এ বিষয়ে হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনাও রয়েছে। তাই এই নোটিশ পাঠানো হয়েছে।

এ ছাড়াও ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশের সকল ইউনিট ও সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করতেও অনুরোধ করা হয়েছে, বলেও জানান এ আইনজীবী।

 
ইত্তেফাক/এমএস