বাউফলে হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট : ০৪ জুন ২০২৬, ১৩:৩৫

পটুয়াখালীর বাউফলে রবিন হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (৩ জুন) রাত ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর কালাইয়া গ্রামের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দুর্বৃত্তরা মামলার আসামিদের একটি বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। 

নিহতের ভাই শুভঙ্কর হাওলাদার জানান, রবিন হাওলাদারের ময়নাতদন্ত শেষে রাত ৯টার দিকে পারিবারিক শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল। শেষ দিকে আসামিদের ঘরে একটি বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

শুভঙ্করের অভিযোগ, এটি আসামী পক্ষের লোকজনেরই সাজানো নাটক। আমাদের ফাঁসানোর উদ্দেশ্যে তারা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিয়েছে।

এ বিষয়ে মামলার আসামিপক্ষের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পলাতক থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে রবিন হাওলাদারকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় নিহতের স্ত্রী ঠাকুর রানী হাওলাদার ও দুই ছেলে রনি ও হৃদয় হাওলাদার গুরুতর আহত হন। এই ঘটনায় নিহতের ছেলে হৃদয় হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, "আসামিদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ইত্তেফাক/আইএ