নান্দাইলে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

আপডেট : ০৪ জুন ২০২৬, ১৯:৪৯

ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর উপজেলার খারুয়া বাজার ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এ আদেশ জারি করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানান তিনি।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, খারুয়া ইউনিয়নের খারুয়া বাজার এলাকায় মাত্র দুই শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে খারুয়া গ্রামের আব্দুর রউফ ভূঁইয়া ও পাশের নরেন্দ্রপুর গ্রামের শওকত আলীর মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে গত কয়েক দিনে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

গত বুধবার ও বৃহস্পতিবার দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নান্দাইল উপজেলার খারুয়া বাজারে ধাওয়া পাল্টা ধাওয়া, একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে মালামাল লুটপাটের ঘটনা ঘটে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, ‘আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

নান্দাইল থানার ওসি আজহারুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

 

ইত্তেফাক/এমএসআর