মেহেরপুর

ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩

আপডেট : ০৪ জুন ২০২৬, ২০:১৫

মেহেরপুরের গাংনীতে পণ্যবাহী ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিমের চার বছর বয়সী মেয়ে আফরিন এবং যশোরের ঝিকরগাছা উপজেলার সজীব আলীর ছেলে মাহিমের ভাগ্নে আকবর আলী (১০) ওরফে আবরার।  

আহত হলেন- মাহিম আলী ও তার স্ত্রী মুক্তা খাতুন। তারা কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম মাহিমের পরিবারের ৪ জন যাত্রী নিয়ে শালিকা থেকে মটমুড়ায় একটি বিয়ের অনুষ্ঠানের যাচ্ছিলেন। পথে তেরাইল ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজিবাইক চালক আরিফ মারা যান এবং অন্যযাত্রীরা গুরতর আহত হন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহিমের মেয়ে আফরিন ও ভাগ্নে আবরার মারা যায়।

আফরিনের মামা রহিদুল ইসলাম জানান, একটি বিয়ের অনুষ্ঠানের যাওয়ার সময় এ ঘটনা ঘটে। কুষ্ঠিয়ার নেওয়ার পর আফরিন ও আবরার মারা গেছে। মাহিম ও মুক্তার অবস্থাও আশঙ্কাজনক।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক, ইজিবাইক এবং নিহত আরিফুল ইসলামের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এমএসআর