ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন

আপডেট : ০৫ জুন ২০২৬, ০০:০৬

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৭ দিন বাকি। আগামী ১১ জুন পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের নতুন আসরের। বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক এখন গুনছেন ক্ষণ, অপেক্ষা করছেন প্রিয় দল ও তারকাদের মাঠে দেখার জন্য।

৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ‘সি’ গ্রুপে জায়গা হয়েছে নেইমারের দল ব্রাজিলের। গ্রুপ পর্বে কবে, কোথায় এবং কার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, তা নিয়ে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়েছে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রার সময়সূচি।

ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় খবর নেইমারের প্রত্যাবর্তন। প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। নতুন কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের দলে নেইমারের অন্তর্ভুক্তি ছিল সবচেয়ে আলোচিত বিষয়। 

রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত দল ঘোষণার অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হলে দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা এই ফরোয়ার্ড সর্বশেষ ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছিলেন। ওই ম্যাচেই গুরুতর হাঁটুর চোটে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি।

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে জায়গা হয়েছে ব্রাজিলের। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড। ১৬ জুন ব্রাজিল বনাম হাইতি। ২১ জুন ব্রাজিল বনাম মরক্কো। ২৫ জুন ব্রাজিল বনাম স্কটল্যান্ড।

 
ইত্তেফাক/এমএস