মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অনিশ্চয়তা এবং সুদের হার বাড়ার আশঙ্কার প্রভাবে শুক্রবার (৫ জুন) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট স্বর্ণের মূল্য ০.৫ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪,৪৫২.২০ ডলারে নেমে এসেছে। এ নিয়ে সপ্তাহজুড়ে মোট পতন দাঁড়িয়েছে প্রায় ১.৮ শতাংশ।
এছাড়া আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.৬ শতাংশ কমে ৪,৪৭৮.৫০ ডলারে নেমে এসেছে। এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্র্যাপেল বলেন, ইরান ইস্যুর সমাধান নিয়ে অনিশ্চয়তা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি সুদের হার আরও কঠোর হওয়ার প্রত্যাশাও মূল্যবান ধাতুটির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বলে তিনি মন্তব্য করেন।
স্বর্ণ সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। তবে সুদের হার বেশি থাকলে সুদবিহীন এই ধাতুর আকর্ষণ তুলনামূলকভাবে কমে যায়। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বাজারে ৫১ শতাংশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। এ অবস্থায় বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের মে মাসের নন-ফার্ম পেরোলস (NFP) তথ্যের দিকে, যা ফেডের ভবিষ্যৎ মুদ্রানীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে রুপার দাম ১.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৭২.৮৯ ডলারে নেমেছে। একই সময়ে প্লাটিনামের মূল্য ১.১ শতাংশ হ্রাস পেয়ে ১ হাজার ৮৭৮.৬৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ কমে ১ হাজার ২৯৮.৪৫ ডলারে দাঁড়িয়েছে। এতে সপ্তাহের শেষে প্রায় সব ধরনের মূল্যবান ধাতুই ক্ষতির মুখে পড়েছে। ফলে পুরো সপ্তাহজুড়েই ধাতব বাজারে দরপতনের প্রবণতা লক্ষ্য করা গেছে।
দেশে ভরির দাম কত
দেশের স্বর্ণবাজারেও এসেছে স্বস্তির খবর। ঈদের পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ২ জুন সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
নতুন নির্ধারিত দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের ক্ষেত্রে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি প্রতি মূল্য ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

