জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার শিক্ষকের প্রশিক্ষণ কর্মসূচি চালু হতে যাচ্ছে

আপডেট : ০৫ জুন ২০২৬, ১৩:২৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে ১২ হাজার শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (৬ জুন) এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ বলেন, ‘দক্ষতাভিত্তিক ও মোরাল এডুকেশন অন্তর্ভুক্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয় কারিকুলামে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে৷ কারিকুলামে লার্নিং উইথ হ্যাপিনেস ও মোরাল এডুকেশন প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কোর্সে ২ ক্রেডিট মোরাল এডুকেশন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। যে সমস্ত কলেজ অনার্স কোর্স পরিচালনার সক্ষমতা নেই তাদের সংবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘যে সমস্ত কলেজে অনার্স কোর্স চলছে তাদের ৯০ শতাংশ তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের বিষয়েও পর্যালোচনা শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ৪০ লক্ষ শিক্ষার্থীদের একটি করে গাছ লাগাতে “ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি” নির্দেশনা দেওয়া হবে ৷ ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজ বর্তমানে ১০ শতাংশের কম। ২০২৭ সালে তা ৩০ শতাংশে নিয়ে যাবার পরিকল্পনা রয়েছে আমাদের। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দক্ষতাভিত্তিক কারিকুলাম তৈরিতে বাজেট বৃদ্ধিরও আবেদন করা হয়েছে।’ 

ইত্তেফাক/আরএইচ