ডিপিএলে পারিশ্রমিক বিতর্ক, ত্রিপক্ষীয় চুক্তিতে সমাধান চান তামিম

আপডেট : ০৬ জুন ২০২৬, ১২:৫৮

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে পারিশ্রমিক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শুক্রবার (৫ জুন) পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বর্জন করেছেন ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। মাঠে না নামায় বিপক্ষ দল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে জয়ী ঘোষণা করা হয়। ওয়াকওভার দেওয়ায় প্রিমিয়ার থেকে অবনমনও হয়ে গেছে ব্রাদার্সের।

এ দিন রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ক্যাটাগরি-২ প্রার্থীদের পরিচিতি অনুষ্ঠানে তামিম ইকবাল জানান দুই পক্ষের সঙ্গে বসে সমাধান বের করবেন তারা। তিনি বলেন, 'এই অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগেই ব্রাদার্স ইউনিয়নের যারা অফিসিয়াল আছেন, তাদের সঙ্গে কথা হয়েছে আমার। ঘটনাটা ঘটে যাওয়ার পর ক্রিকেটারদের সঙ্গেও কথা হয়েছে। আমি উনাদেরকে বলেছি যে, হয়তো চেষ্টা করবো তিন পার্টি কালকে বসে- ক্রিকেট বোর্ড, ক্লাব এবং ক্রিকেটাররা প্লেয়ার্স—বসে যদি একটা সমাধান করা যায়, তাহলে সবচেয়ে ভালো।'

তামিম আরও বলেন, 'আপনারা জানেন যে, প্রচণ্ড পরিমাণ ব্যস্ত সময় যাচ্ছে। অনেক কিছু প্রতিদিন ঘটছে। আমি আশা করি যে, কালকে সবাই বসে রুলস-রেগুলেশন্স মেইনটেইন করে কতটুকু কী আমরা করতে পারি…পাশাপাশি, কিছু কিছু ক্ষেত্রে বোর্ডের ওই সামর্থ্য আছে, বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য, কিছু সিদ্ধান্ত যদি বাইলজের বাইরে গিয়েও নেওয়ার দরকার পড়ে, যদি বোর্ড এটাতে রাজি হয়, আমরা ওটা করার চেষ্টা করবো। দিনশেষে, আমরা সবাই চাই ক্রিকেটটা হোক।'

ব্রাদার্স কর্তা আমিন খানকে বিসিবির সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার দাবিও তুলেছে কোয়াব। এ প্রসঙ্গে তামিম বলেন, 'সবকিছুর বিষয়ে দেখতে হবে। আমি যে পজিশনে আছি, (সবার সঙ্গে) কথা বলার আগেই কোনো কমেন্ট করা উচিত হবে না। তারাও যোগাযোগ করেছে আমার সঙ্গে। এই প্রোগ্রামটা শেষ হলে, এখানে অ্যাড-হক কমিটির কয়েকজন আছেন, উনাদের সঙ্গে আলোচনা করে, তাদেরকে যদি কালকে একটা সময় দেওয়া যায়… দুই পার্টিকে ডেকে বসে জিনিসটা সমাধান করাটাই গুরুত্বপূর্ণ। ওটাই আমরা চেষ্টা করবো।'

ইত্তেফাক/জেডএইচ