রূপ নাকি গুণ? কোনটির কদর করবেন আপনি? গানে গানে এই পুরোনো বিতর্ক উসকে দিলেন লোকগানের বিশিষ্ট কণ্ঠশিল্পী কাঙালিনী সুফিয়া।
‘ওরে ও প্রেমিক বাঙাল/ হইসনা তুই রূপের কাঙাল’—এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। মার্সেলের সুর-সংগীতে এতে কাঙালিনী ও কণার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন তিনি নিজেও।
সিএমভি’র প্রযোজনায় প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ব্যয়বহুল ভিডিও প্রকাশ করা হয়েছে গত ৭ আগস্ট। গল্পধর্মী বড় বাজেটের এই ভিডিওতে রয়েছে নানা চমক। রাজু রাজের পরিচালনায় ‘প্রেমিক বাঙাল’-এ মডেল হয়েছেন কাঙালিনী নিজেই। আরো আছেন নৃত্যশিল্পী ও মডেল হূদি শেখ, শিল্পী-সুরকার মার্সেলসহ একদল নৃত্যশিল্পী।
