বিনোদন রিপোর্ট
ঈদকে কেন্দ্র করে প্রকাশ হলো জাহিদ আকবরের কথায় আরিফিন রুমির নতুন গান ‘গভীরে নামি’। গানটি ভিডিও আকারে প্রকাশ হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে।
গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আরিফিন রুমি নিজেই। গানটিতে রুমির সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সাবরিনা। রোমান্টিক গল্পের এ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি প্রসঙ্গে জাহিদ আকবর বলেন, ‘গান লেখাটা এখন আর আগের মতো হয় না। তবে রুমির সাথে আমার সম্পর্কের জায়গাটা ভিন্ন। আমরা একসাথে অনেক কাজ করেছি। সেগুলোর মধ্যে অনেকগুলো গান বেশ জনপ্রিয়ও হয়েছে। তাই তার সাথে কাজের নির্ভযোগ্যতার একটা জায়গা রয়েছে। সেই দিক থেকেই এই কাজটি করা।’ অন্যদিকে রুমি গানটি প্রসঙ্গে বলেন, ‘জাহিদ ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতাটার সবসময় বেশ ইতিবাচক। এর আগের তার কথায় ‘প্রিয়তমা’, ‘মন রাখো পাঁজরে’, ‘কিছু কথা আকাশে পাঠাও’, ‘ভেজা ভেজা হাওয়াতে’, ‘কি যে শূন্য শূন্য লাগে’ গানগুলো শ্রোতারা পছন্দ করেছেন। গান সবার ভালো লাগবে আশা করি।’
