কুমিল্লায় বাসচাপায় নিহত ৩

আপডেট : ০৬ জুন ২০২৬, ২১:৪৭

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় এক অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর কোল্ড স্টোরের বিপরীতে ওই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, রতনপুর এলাকায় কুমিল্লা শহরমুখি শাহআলী সুপার নামক যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এসময় আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধারে এগিয়ে আসে। পরে হাইওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই আনিস জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা পেশায় দিনমজুর হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/এপি