নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহ-সভাপতি আল শাহরিয়ার শাকিলকে (৩০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে নীলফামারী সদর উপজেলার পৌরসভার সওদাগরপাড়া পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল, দেশে নৈরাজ্য, নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে গত বছরের ১৩ ডিসেম্বর রাতে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নে হাজীগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আসামিরা গোপন মিটিং করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে তারা পালিয়ে যান। পরে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর পুলিশ বাদি হয়ে সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় গতকালকে গ্রেপ্তার করা হয় শাকিলকে।
এ বিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, নাশকতা করার চেষ্টায় পুলিশের দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

