মজুরি বাড়ানোর দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে সড়কে নেমে বিক্ষোভ করেছেন বিড়ি শ্রমিকরা। এ সময় তারা কুষ্টিয়া–প্রাগপুর সড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। ফলে প্রায় এক ঘণ্টা ধরে এই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
রোববার (৭ জুন) দুপুর ১টার দিকে উপজেলার হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় স্থানীয় বিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা প্রতি হাজার বিড়ি তৈরিতে ৬১ টাকা হারে মজুরি পাচ্ছেন। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা মজুরি ৮১ টাকা নির্ধারণের দাবি জানালেও ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাতে সম্মতি দেয়নি। এর প্রতিবাদে তারা কর্মবিরতি ভেঙে সড়ক অবরোধে নামেন।
শ্রমিক নেতা রফিকুল ইসলাম ও টিপু জানায়, সকাল থেকে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধান না আসায় শ্রমিকরা বাধ্য হয়ে সড়কে অবস্থান নেন।
তারা আরও বলেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৬১ টাকার মজুরিতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই দাবি আদায়ে আমরা আন্দোলনে নেমেছি।
অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। যাত্রী ও পথচারীদের অনেকেই প্রায় এক কিলোমিটার পথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন। দুপুরের তীব্র রোদে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, শ্রমিক ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের মধ্যে মজুরি নিয়ে বিরোধ তৈরি হওয়ায় তারা সড়কে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের খবরে সড়ক অবরোধ 