ময়মনসিংহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের বারান্দায় দুই বিএনপি নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভাঙচুর হয়েছে একটি ফুলের টব। এতে আহত হন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী জনি (৩০)। এ ঘটনায় জেলা প্রশাসন ও সাধারণ মানুষ মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার ডিসি অফিসের দোতলার বারান্দায় এই মারপিটের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হচ্ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব হাফেজ আজিজুল হক। একই সময়ে ডিসির কক্ষে প্রবেশ করছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। এতে দু’জন মুখোমুখি হলে হাফিজ আজিজুলকে ‘বহিষ্কৃত এবং ‘দালাল’ বলে গালি দেয় তোফাজ্জল। এ ঘটনায় পাল্টা প্রতিক্রিয়ায় ‘তুই দালাল, তোর বাপ দালাল’ বলে তোফাজ্জলকে গালি দেয় হাফেজ আজিজুল। এ সময় দু’জনের মধ্যে হাতাহাতি এবং চড়-থাপ্পড়ের ঘটনা ঘটে। একপর্যায়ে হাফিজ আজিজুল ডিসির বারান্দায় থাকা ফুলের টব দিয়ে তোফাজ্জলকে আঘাতের চেষ্টা করে।
এতে ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ডিসির বডিগার্ড (পুলিশ সদস্য) মো. জাকির হোসেন, অফিস সহকারী জনিসহ উপস্থিত অন্যান্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এতে অফিস সহকারী জনি (৩০) হাতে আঘাতপ্রাপ্ত হয়।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে হাফেজ আজিজুল হক এবং তোফাজ্জল হোসেন দু’জনেই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান বলেন, হঠাৎ এ ঘটনার সূত্রপাতে আমিসহ উপস্থিত অন্যরাও বিব্রত। এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বশীলদের কাছে কাম্য নয়।

ময়মনসিংহে ট্রাকসহ ভেঙে পড়লো বেইলি ব্রিজ