২০ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সভাপতি নির্বাচন দেখলো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। সেই নির্বাচনে ভূমিধস জয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ।
ক্লাবের সভাপতি নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পেয়েছেন পেরেজ। তার পক্ষে পড়েছে ২১ হাজার ৭৪১টি ভোট। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিকেলমে পেয়েছেন ১১ হাজার ৮১৪ ভোট, যা মোট ভোটের ৩৫ শতাংশ।
ভূমিধস জয়ের পর পেরেজ বলেন, ‘রিয়াল মাদ্রিদের (নির্বাচনের) ইতিহাসে আমরা দ্বিতীয় সেরা ফলাফল অর্জন করেছি। এটি একটি অসাধারণ ফলাফল... আজ রিয়াল মাদ্রিদ জিতেছে। আমরা বিশ্বের কাছে গণতন্ত্রের একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছি। রিয়াল মাদ্রিদ যাতে আরও ট্রফি জেতা বজায় রাখতে পারে, সেজন্য আমরা কাজ করে যাবো।’
তিনি আরও বলেন, ‘যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। একসঙ্গে আমাদের এখনও অনেক ইতিহাস তৈরি করা বাকি আছে।’
২০০৬ সালের পর এবারই প্রথম রিয়াল মাদ্রিদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে ২০০৯, ২০১৩, ২০১৭, ২০২১ ও ২০২৫ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন পেরেজ। তার সভাপতিত্বে রিয়াল মাদ্রিদ সাতটি চ্যাম্পিয়নস লিগ ও সাতটি লা লিগা শিরোপা জিতেছে।
পেরেজের নির্বাচন জয়ের পর মোটামুটি নিশ্চিত যে, রিয়ালের পরবর্তী প্রধান কোচ হিসেবে ফিরছেন হোসে মরিনহো। নির্বাচনী ইশতেহারে পর্তুগিজ কোচকে ফেরানোর কথা দিয়েছিলেন তিনি।

