ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন হাবিবুর রহমান সোহান। ৬ দিন আগেই দ্রুততম ফিফটির রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। এবার লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন সোহান।
সোমবার (৮ জুন) ইউল্যাব মাঠে সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন লিজেন্ড অব রূপগঞ্জের এই ওপেনার।
আগের রেকর্ডটিও ছিল সোহানের দখলে। ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন। চলতি ডিপিএলে সমান বলে সেঞ্চুরি করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবার ৪৫ বলের ঝড়ো সেঞ্চুরিতে ফের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিলেন সোহান।
সিটি ক্লাবের বিপক্ষে ২৬ বলে ফিফটির দেখা পান সোহান। পঞ্চাশ পেরোনোর পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৯ বলে তুলে নেন পরের পঞ্চাশ। আউট হওয়ার আগে ৫৮ বলে ১৩০ রান করেন তিনি। ৮ চারের সঙ্গে ১৩টি ছক্কা হাঁকিয়েছেন লিজেন্ড অব রূপগঞ্জের এই ওপেনার।
শুধু লিস্ট ‘এ’ তে নয়, টি-টোয়েন্টিতেও বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি সোহানের দখলে। গত বছর রাইজিং স্টারস এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। সেটি সব সংস্করণ মিলিয়েই বাংলাদেশের সবচেয়ে দ্রুততম।

