বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও প্রধান সড়কে অবস্থান নিয়েছেন নাসা গ্রুপের গার্মেন্টসের শ্রমিকরা। সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে প্রায় ৫০০ শ্রমিক সড়ক অবরোধ করায় গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে সড়ক ছেড়ে যান শ্রমিকরা, এমনটাই জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ।
প্রত্যক্ষদর্শী ও ট্রাফিক সূত্রে জানা গেছে, শ্রমিকদের অবস্থানের কারণে মহাখালী-তেজগাঁও করিডরে দুই দিকেই যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের সড়কে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বেতন ও বিভিন্ন ভাতা বকেয়া থাকায় তারা বাধ্য হয়ে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন। দ্রুত পাওনা পরিশোধের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, এর আগে গত ৪ জুন একই দাবিতে তেজগাঁও লিংক রোডে প্রায় সাত ঘণ্টা অবরোধের পর শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করেন। সে সময় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ৮ জুন বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে আজকের পরিস্থিতিতে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সমাধান আসেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অবরোধের কারণে রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশ কাজ করছে।

