আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের চরে দীর্ঘদিন যাবত্ চলছে বিষমুক্ত শীতকালীন লাউ চাষ। আর বিষমুক্ত এই লাউ চাষ করে ইতোমধ্যে জনপ্রিয় চাষি হয়ে উঠেছেন স্থানীয় জামাল মিয়া। তাকে অনুসরণ করে অনেক চাষিই বিষমুক্ত লাউ চাষে আগ্রহী হচ্ছেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস জানান, চলতি মৌসুমে চরচারতলা এলাকায় দুই হেক্টর জমিতে বিষমুক্ত লাউ চাষ হয়েছে। বিষমুক্ত লাউ ও লাউশাকের চাষের জন্য চাষিদের নিয়মিত অনুপ্রেরণা ও সহযোগিতা দেয়া হয়েছে। রাসায়নিক সার, কীটনাশক বাদ দিয়ে জৈব ও কেঁচোসার ব্যবহার করে বিষমুক্ত লাউ চাষে চাষি ও ভোক্তা উভয়েই উপকৃত হচ্ছেন।
