সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুল জামিন পেলেন হাইকোর্টে

আপডেট : ০৮ জুন ২০২৬, ২২:২২

ভারতের কলকাতায় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণ ও হত্যা মামলার আসামি আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ জুন) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দিয়ে রুল জারি করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা শিমুল ভূঁইয়ার জামিন আবেদনের শুনানি শেষে আদালত তাকে সাময়িক জামিন দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে রুল জারি করা হয়েছে।

২০২৪ সালের ১৩ মে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয়। এ ঘটনায় ওই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

মামলার তদন্ত চলাকালে ২০২৪ সালের ৫ জুন দণ্ডবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আমানুল্লা সাঈদ, যিনি শিমুল ভূঁইয়া, শিহাব ও ফজল মোহাম্মদ ভূঁইয়া নামেও পরিচিত। জবানবন্দির পর তাকে কারাগারে পাঠানো হয়।

হত্যাকাণ্ডের পর ঢাকায় এক সংবাদ সম্মেলনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া, তানভীর ভূঁইয়া এবং সেলেস্টি রহমান।

কলকাতায় সংঘটিত এই হত্যাকাণ্ড দুই দেশে আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পর বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য বিনিময় ও তদন্ত কার্যক্রম শুরু হয়। মামলাটি বর্তমানে বিচারিক প্রক্রিয়ায় রয়েছে।

ইত্তেফাক/এনএন