বোরহানউদ্দিনে নতুন বিদ্যুত্ লাইন উদ্বোধন

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২০:৫৫

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়নে শনিবার দুপুরে ৫.১১ কিলোমিটার নতুন বিদ্যুত্ সঞ্চালন লাইন উদ্বোধন করা হয়েছে। ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের ফলে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দেউলা গ্রামের ২২১টি পরিবার বিদ্যুত্ সুবিধার আওতায় আসলো। ভোলা পল্লী বিদ্যুত্ সমিতির আয়োজনে মজম বাজারে স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল ওই বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

ভোলা পল্লী বিদ্যুত্ সমিতির জিএম আবুল বশার আজাদ জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ঘরে ঘরে শতভাগ বিদ্যুত্ প্রকল্পের আওতায় বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়নে ২২১টি পরিবারের মধ্যে নতুন লাইন সঞ্চালন করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে এ উপজেলাকে শতভাগ বিদ্যুত্ সুবিধার আওতায় আনা হবে।

বিদ্যুত্ লাইন উদ্বোধন উপলক্ষ্যে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা, পল্লী বিদ্যুতের জিএম আবুল বশার আজাদ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার।