রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

আপডেট : ০৯ জুন ২০২৬, ১৪:০৫

রাজশাহীর পবা উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার (৯ জুন) ভোরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় মিছিলটি বের হয়ে দ্রুত শেষ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভোর ৬টার দিকে পুঠিয়াপাড়া এলাকায় প্রায় ২০ জন নেতা-কর্মী নিয়ে মিছিলটি বের করা হয়। কিছুক্ষণের মধ্যেই তারা মিছিল শেষ করে স্থান ত্যাগ করেন।

মিছিলের ব্যানারে লেখা ছিল—“শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এবং “অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে।” এ সময় বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।

ভিডিও ফুটেজে অধিকাংশের মুখ মাস্কে ঢাকা থাকলেও দুইজনকে চিহ্নিত করা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের মধ্যে পবার কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলামও রয়েছেন বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, তিনি মিছিলের বিষয়ে অবগত নন। কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনের ব্যানারে এ ধরনের কর্মসূচি হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এসএ