ট্রেনের ছাদে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে ঈদযাত্রা!

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২০:৫৭

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

ঈদের আনন্দ পরিবারের সবার সঙ্গে ভাগ করতে ও গ্রামের বাড়িতে ঈদ উদ্যাপন করতে ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিন গতকাল শনিবার চাটমোহর স্টেশনে এসে নেমেছেন অসংখ্য যাত্রী। শুধু চাটমোহরেই নয়—পাবনা, আটঘরিয়া, বড়াইগ্রামসহ অন্যান্য উপজেলার ঈদে ঘরমুখী মানুষ আসছেন ট্রেনে। আন্তঃনগর সুন্দরবন, চিত্রা, ধূমকেতু, একতা, লালমনি এক্সপ্রেস, দ্রুতযানসহ মেইল ট্রেনে প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন। ট্রেনের ছাদে আসছে দিনমজুর, গার্মেন্ট কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। ঝুঁকি নিয়েও অনেকে ট্রেনের ছাদে ভ্রমণ করছেন। ট্রেনের ছাদে আসা আটঘরিয়ার গার্মেন্ট কর্মী ইসাহক আলী বললেন, ভেতরে ছিট নেই, দাঁড়িয়ে থাকার চেয়ে ছাদে ভ্রমণ ভালো। এক প্রশ্নের জবাবে বললেন, ঝুঁকি তো আছেই ছাদে ভ্রমণের। কিন্তু বাড়িতে তো আসতেই হবে। এদিকে ট্রেন স্টেশনে থামার সঙ্গে সঙ্গে ট্রেনের ছাদে মই লাগানো হয়। এক জন যাত্রীকে ১০ টাকা দিয়ে মই দিয়ে নামতে হয়। শুধু মই দিয়েই নয়, প্ল্যাটফরমে নামতে না পেরে অনেকে নামছেন উলটো দিক দিয়ে। এতে ঝুঁকি আরো বেশি। সময়মতো নামতে না পারলে জীবনের ঝুঁকি রয়েছে।

স্টেশন মাস্টার মো. মহিরুল ইসলাম জানান, কমলাপুর কিংবা বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনের ছাদে যাত্রী উঠছে। এখানে তো কেবল নামছে। আমার তো এখানে কিছু করার নেই।’ এদিকে ট্রেনের যাত্রীদের নিরাপত্তার জন্য চাটমোহর রেলওয়ে স্টেশনে থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে।