স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন আসিফ মাহমুদ

আপডেট : ০৯ জুন ২০২৬, ১৯:০৯

কার্যক্রম নিষিদ্ধ থাকা দল হিসেবে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের ভেতরেই ভিন্নমত রয়েছে। এক পক্ষ বিরোধিতা করছে, আবার অন্য একজন উপদেষ্টা শর্তসাপেক্ষে অংশ নেওয়ার কথা বলছেন। এতে সরকার নিজেই দলটির অংশগ্রহণ নিয়ে ‘ধোঁয়াশা’ তৈরি করেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না। তার অভিযোগ, আওয়ামী লীগের একটি অংশ এখনো সরকারে রয়েছে বলেই এ ধরনের দ্বিধা তৈরি হচ্ছে।

এনসিপির এই মুখপাত্র জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তাদের দল পাঁচ দফা দাবি দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো প্রশাসক পদে থাকা ব্যক্তিরা মেয়র পদে নির্বাচন করতে পারবেন না। তার অভিযোগ, এসব শর্ত উপেক্ষা করেই অনেকে প্রচারণা চালাচ্ছেন এবং সরকারি লোগো ব্যবহার করছেন।

তিনি আরও বলেন, দুই সিটি করপোরেশনের প্রশাসকরা সরকারি পদে থেকে প্রচারণা চালাচ্ছেন, যা গ্রহণযোগ্য নয়। এজন্য তাদের পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া ঈদুল আজহার কোরবানির হাট ইজারা প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন আসিফ মাহমুদ।

 
ইত্তেফাক/এসজেএস