দেলদুয়ারে স্কুলে ছাত্রী ভর্তি বন্ধের দাবি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২১:৪৯

দেলদুয়ার সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্রী ভর্তি বন্ধের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিকটবর্তী শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শহিদুর রহমানের সঞ্চালনায় ছাত্রীদের সাথে একাত্মতা পোষণ করে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিরা আখতার, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা পারভীন প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন।

সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কানিজ সালমা বলেন, ছাত্রী ভর্তির ব্যাপারে মন্ত্রণালয়ের চাপ রয়েছে। তাছাড়া স্থানীয় অনেক অভিভাবক নামমাত্র বেতনে তাদের মেয়েদের সরকারি এই বিদ্যালয়ে ভর্তি করাতে ইচ্ছুক। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ছাত্রী ভর্তি করার।