টেস্টে ফেরা হলো না গেইলের

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২১:০৪

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শেষেই ক্রিস গেইল বলেছিলেন, চূড়ান্ত বিদায়ের আগে আরেকটা টেস্ট অন্তত খেলতে চান তিনি। কিন্তু, গেইলকে সেই সুযোগ দিল না ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা। ভারতের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি এই ব্যাটিং দানবকে।

৩৯ বছর বয়সী গেইল নিজের ক্যারিয়ারে ১০৩টি টেস্ট খেললেও সর্বশেষ এই ফরম্যাটে তাকে দেখা গেছে ২০১৪ সালের সেপ্টেম্বরে। টেস্টে তিনি ৭২১৪ রান করেছেন। এর মধ্যে সর্বোচ্চ ইনিংসটি ৩৩৩ রানের। যদিও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য তিনি ২০১৪-এর পর আর কখনোই টেস্টে ফেরেননি।

অ্যান্টিগা টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে আগামী ২২ আগস্ট। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর। ম্যাচটা হবে জ্যামাইকার স্যাবাইনা পার্কে। গুঞ্জন ছিল, এই মাঠে টেস্ট খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন গেইল। তবে, এই আবেগকে পাত্তাই দিলেন না নির্বাচকরা। তাই, বলা যায় আগামী বুধবার পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটাই আন্তর্জাতিক ক্রিকেটে গেইলের শেষ ম্যাচ হয়ে থাকবে।

সর্বশেষ যে টেস্ট দলটা ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল, মোটামুটি সেই দলটার ওপরই ভরসা রেখেছে দলটি। তবে, সেখান থেকে বাদ পড়েছেন দুই জন। দুটোই ইনজুরি সংক্রান্ত। নেই ফাস্ট বোলার আলজারি জোসেফ ও বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকন।

আলজারি জোসেফের ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চায় না উইন্ডিজ। নির্বাচক প্যানেলের প্রধান রবার্ট হায়েন্স বলেন, ‘আলজারি এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে। তবে, আমরা মনে করি না এখনো ও পাঁচদিনের ক্রিকেট খেলার জন্য সম্পূর্ণ ফিট। ওর আরো সময় দরকার।’

অনেকদিন আলোচনায় থাকার পর অবশেষে জাতীয় দলে জায়গা পেয়েছেন রাহকিম কর্নওয়াল। তার মূল পরিচয় হলো তিনি একজন অফ স্পিনার। এর সঙ্গে ব্যাটিংও পারেন দারুণ। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার ৫৫টি প্রথম শ্রেণির ম্যাচে পেয়েছেন ২৬০টি উইকেট।

রাহকিমের ব্যাপারে হায়েন্স বলেন, ‘রাহকিম লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে পারফরম করে চলেছেন। নিজেকে একজন ম্যাচ উইনার হিসেবে এরই মধ্যে ও প্রমাণ করেছে। আমরা তাই মনে করেছি ওর টেস্ট অভিষেকের জন্য এটাই সঠিক সময়।’

দলের আরেকজন অনভিষিক্ত ক্রিকেটার হলেন শামারহ ব্রুকস। সর্বশেষ তিনি ‘এ’ দলের অধিনায়ক হিসেবে খেলেছেন সফরকারী ভারত ‘এ’ দলের বিপক্ষে। এবার তিনি মূল দলে সুযোগ পেলেন।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামরাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, রাহকিম কর্নওয়াল, শেন ডরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, শেমরন হেটমায়ার, শাই হোপ, কিমো পল, কেমার রোচ।