বিশ্বকাপকে ঘিরে নেইমারের অনুভূতি এখন অনেকটা শিশুসুলভ

আপডেট : ১০ জুন ২০২৬, ১৬:০১

বিশ্বকাপের মঞ্চে চতুর্থবারের মতো এবং সম্ভবত শেষবারের মতো অংশ নিতে যাচ্ছেন নেইমার। ব্রাজিলের এই তারকা ফুটবলার জানিয়েছেন, বিশ্বকাপকে ঘিরে তার অনুভূতি এখন অনেকটা শিশুসুলভ আনন্দের মতো। তবে পায়ের পেশিতে পুরোনো চোট থাকায় তার শেষ বিশ্বকাপ মিশন কিছুটা অনিশ্চয়তার মধ্যেও রয়েছে।

ব্রাজিলের বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড আগামী শনিবার নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে সেলেসাওদের উদ্বোধনী লড়াইয়ে অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে; সম্ভাবনাও খুব বেশি নয়।

চোট নিয়ে শঙ্কা থাকলেও স্বস্তির বার্তা পেয়েছে ব্রাজিল শিবির। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার বর্তমানে বেশ ভালোভাবে পুনরুদ্ধারের পথে রয়েছেন বলে জানা গেছে। টুর্নামেন্টে কার্লো আনচেলত্তির দলের হয়ে ভূমিকা রাখতে পারবেন বলে বিশ্বাস তার।

গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের সামনে রয়েছে আরও দুটি ম্যাচ। আগামী ১৯ জুন হাইতির বিপক্ষে মাঠে নামার পর পাঁচ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী বুধবার মুক্তি পেতে যাওয়া প্রামাণ্যচিত্র ‘এগিয়ে যাও, ব্রাজিল’-এর এক ঝলকে নেইমার বলেন, ‘যদিও এটি আমার চতুর্থ বিশ্বকাপ, তবুও এর অনুভূতি একেবারেই ভিন্ন। কারণ এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে এবং স্বাভাবিকভাবেই এটিই আমার শেষ বিশ্বকাপ।’

ব্রাজিলের গত তিনটি বিশ্বকাপেই দলের অন্যতম প্রধান ভরসা ছিলেন নেইমার। তবে এবার দলে তার সুযোগ পাওয়াটা অনেকের কাছেই কিছুটা বিস্ময় তৈরি করেছে। চোটের কারণে ২০২৩ সালের পর থেকে দেশের জার্সিতে কোনো ম্যাচই খেলতে পারেননি তিনি।

বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইর সাবেক এই তারকা বলেন, ‘এখানে এসে নিজেকে শিশুর মতো মনে হচ্ছে। ঠিক যেন ১৮ বছরের এক তরুণ, যে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘এখানে আসতে পেরে আমি খুবই গর্বিত ও আনন্দিত। এই বিশ্বকাপের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করতে চাই। আশা করি, এবারের আসরটি বিশেষ কিছুই হবে।’

২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ দিয়ে শুরু হয়েছিল নেইমারের বিশ্বকাপ অধ্যায়। কিন্তু চোটে পড়ে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ায় জার্মানির কাছে ৭-১ গোলের বিধ্বংসী হার প্রত্যক্ষ করতে হয়েছিল সাইডলাইনে বসে। পরবর্তী দুই আসরেও সাফল্য মেলেনি; কোয়ার্টার ফাইনালেই থেমে যায় ব্রাজিলের অভিযান।

ইত্তেফাক/আরএইচ