সবাই এমপি হতে চান

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২৩:০৩

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা এক সভা আজ রবিবার বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে মনোনয়ন ফরম যাচাই-বাছাইসহ প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে বিশাল বিশাল শোডাউন, উত্সাহ, উদ্দীপনা ও উত্সবমুখর পরিবেশে দ্বিতীয় দিনের মতো দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও সংগ্রহের কর্মযজ্ঞে মহাব্যস্ত সময় অতিবাহিত করেছে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়ার ভিড় লেগেছে। গত দুই দিনে ৩২শ’ মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সবাই এমপি হতে চান। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বর্তমান ও সাবেক মন্ত্রি, এমপি, কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা, জেলা-উপজেলা পরিষদ চেয়ারম্যানরা রয়েছেন। প্রসঙ্গত, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গণভবনে এক অনুষ্ঠানে বলেছিলেন, শত ফুল ফুটতে দিন, সেখান থেকে ভালটাকে বেছে নেওয়া হবে। দলের হাইকমান্ডের এমন ঘোষণার পর মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ক্রমেই বাড়ছে।

সূত্র জানায়, আওয়ামী লীগের মনোনয়ন প্রক্রিয়ার বিষয়টি এক বছর আগে থেকেই খোঁজ-খবর রাখছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ সংস্থা এবং দলীয় গোপণ কমিটির মাধ্যমে ৩০০ সংসদীয় আসনের মাঠ জরিপের ফলাফল এখন শেখ হাসিনার ল্যাপটপে রয়েছে। এবার একযোগে না হলেও আট বিভাগে দুই দফায় নৌকার প্রার্থীদের নাম জানিয়ে  দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে দলটির।

প্রথম দিন শুক্রবার ১ হাজার ৩২৮ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দ্বিতীয় দিন শনিবারসহ দু’দিনে ৩২শ’ মনোনয়ন প্রত্যাশীর কাছে শুধু মনোনয়ন ফরম বিক্রি করেই আওয়ামী লীগের তহবিলে জমা পড়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা।

মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানকে কেন্দ্র করে ব্যাপক সংখ্যক নেতাকর্মীদের সামাল দিতে বেগ পোহাতে হচ্ছে ধানমন্ডির কার্যালয়কে। মনোনয়ন প্রত্যাশীদের লাইনে দাঁড় করিয়ে রেখে আটটি বুথ থেকে ফরম দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পরপর মাইকে ঘোষণা করে ১০ জনকে ভেতরে প্রবেশ করানো হয়। আর যারা ফরম জমা দিচ্ছেন তাদেরও একটি লাইন দেখা গেছে। জানা গেছে, দ্বিতীয় দিন ধানমন্ডির কার্যালয় থেকে দলের মনোনয়নের জন্য আবেদনপত্র যারা সংগ্রহ করেন তারা হলেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (ঝালকাঠি-২), শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (সিলেট-৬), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার (দিনাজপুর-৫), আইনমন্ত্রী আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর (নীলফামারী-২), রেলমন্ত্রী মুজিবুল হক (কুমিল্লা-১১), আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা-১৮), উপদেষ্টা পরিষদ সদস্য চৌধুরী খালেকুজ্জামান (রংপুর-২, ৩ ও ৫), পীযুষ কান্তি ভট্টাচার্য্য (যশোর-৫), রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও-২), আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ (কুষ্টিয়া-৩), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক (যশোর-৫), সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ (লালমনিরহাট-২), পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব(ভোলা-৪), চিফ হুইপ আ স ম ফিরোজ (পটুয়াখালী-২), এটর্নি জেনারেল মাহবুবে আলম (মুন্সীগঞ্জ-২), সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন (নেত্রকোণা-২ ও ৫), কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান (রংপুর-৫), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস (মুন্সীগঞ্জ-৩), টাঙ্গাইল- ৬ আসন থেকে তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এ কে এম শামীম ওসমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য এস এম কামাল হোসেন (খুলনা-৩), বাগেরহাট-৩ আসন থেকে চিত্রনায়ক শাকিল খান, ঢাকা-১৭ আসন থেকে চিত্র নায়িকা সারাহ বেগম কবরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রমুখ। জানা গেছে, ফেনী ১, ২ ও ৩ নির্বাচনী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির মনজুর আলম

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান বিএনপির মনোনয়নে চট্টগ্রামের মেয়র হওয়া এম. মনজুর আলম। এজন্য গতকাল ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের ফরমও সংগ্রহ করেছেন তিনি। মনজুর আলমের পক্ষে তার চাচাতো ভাই আবুল কালাম আজাদ মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। এ আসনে বর্তমানে সংসদ সদস্য হিসেবে আছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী  ডা. আফসারুল আমীন। তিনিও ওই আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নৌকার প্রার্থী হচ্ছেন ফরাসউদ্দিন

জানা গেছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। নিজের এলাকা হবিগঞ্জ-৪ ( চুনারুঘাট ও মাধবপুর উপজেলা) থেকে নৌকার প্রার্থী হতে চাইছেন তিনি। আজ রবিবার সকাল ১০টায় ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম তুলবেন ফরাসউদ্দিন। হবিগঞ্জ-৪ আসনে বর্তমানে সংসদ সদস্য আওয়ামী লীগের মাহবুব আলী। তার আগে এই আসন থেকে দীর্ঘ দিন সংসদে প্রতিনিধিত্ব করেন এনামুল হক মোস্তফা শহীদ। তিনি মন্ত্রীও হয়েছিলেন।

খালেদার আসনে নৌকার প্রার্থী হতে চান আলাউদ্দিন নাসিম

একাদশ সংসদ নির্বাচনে খালেদা জিয়ার ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস আলাউদ্দিন নাসিম। গতকাল দুপুরে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।