বিশ্বকাপে মিশন শুরুর আগে ভিন্ন প্রস্তুতিতে ইংল্যান্ডের ফুটবলাররা

আপডেট : ১১ জুন ২০২৬, ১৭:১৪

বিশ্বকাপের উত্তেজনা এখন তুঙ্গে। আজ রাতেই শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মহাযজ্ঞকে সামনে রেখে শেষ মুহূর্তেও প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলো। তবে প্রচলিত অনুশীলনের বাইরে গিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। মাঠে ফুটবলের বদলে ক্রিকেট ব্যাট-বল হাতে দেখা গেছে হ্যারি কেন-জুড বেলিংহ্যামদের।

বিশ্বকাপের আগে নিজেদের অনুশীলন ক্যাম্পে ফুটবলারদের জন্য একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে ইংল্যান্ড দলের কোচিং স্টাফ। উদ্দেশ্য ছিল কঠোর অনুশীলনের একঘেয়েমি কাটিয়ে খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখা এবং দলের মধ্যে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা। সেই আয়োজনে অংশ নেন অধিনায়ক হ্যারি কেন, জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকা, ডেকলান রাইস, জর্ডান পিকফোর্ডসহ দলের প্রায় সব সদস্য।

ক্রিকেট ইংল্যান্ডের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ফলে জাতীয় ফুটবল দলের অনেক খেলোয়াড়ের কাছেই খেলাটি অপরিচিত নয়। অনুশীলনের ফাঁকে ক্রিকেট খেলতে নেমে কেউ ব্যাট হাতে আকর্ষণীয় শট খেলেছেন, আবার কেউ বল হাতে সতীর্থদের বিপাকে ফেলার চেষ্টা করেছেন। পুরো আয়োজন জুড়েই ছিল হাসি, মজা আর বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা। দলের কোচিং স্টাফ মনে করে, দীর্ঘ ও কঠিন একটি টুর্নামেন্টে ভালো ফল করতে হলে শুধু কৌশলগত প্রস্তুতি যথেষ্ট নয়; প্রয়োজন মানসিক সতেজতাও। সেই দিক বিবেচনায় ক্রিকেট সেশনটি খেলোয়াড়দের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি এ ধরনের আয়োজন ফুটবলারদের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করে, যা বড় প্রতিযোগিতায় দলীয় সাফল্যের অন্যতম ভিত্তি।

ইংল্যান্ডের ফুটবল ও ক্রিকেট অঙ্গনের মধ্যে দীর্ঘদিন ধরেই সুসম্পর্ক রয়েছে। অতীতেও বিভিন্ন সময়ে ক্রিকেট দলের সদস্য ও কোচরা ফুটবল ক্যাম্পে এসে চাপ সামলানো, নেতৃত্ব এবং বড় আসরে সফল হওয়ার অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখা হচ্ছে এবারের উদ্যোগকে। 

বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে টুর্নামেন্টে নামছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে থ্রি লায়ন্সরা। সাম্প্রতিক বছরগুলোতে বড় টুর্নামেন্টে ধারাবাহিক ভালো পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। হ্যারি কেনের নেতৃত্ব, বেলিংহ্যামের সৃজনশীলতা, সাকার গতি এবং ডেকলান রাইসের নিয়ন্ত্রণে গড়া এই দলকে অনেকেই শিরোপার দাবিদার হিসেবে দেখছেন।

ইত্তেফাক/জেডএইচ