সিরাজগঞ্জের কামারখন্দে হারিয়ে যাওয়া পোষা বিড়াল খুঁজতে মাইকিং করছেন আমেনা নামে এক নারী।
বিড়ালের সন্ধানে বুধবার (১০ জুন) সন্ধ্যায় ডিডি শাহবাজপুর, দশসিকা ও কর্ণসূতি গ্রামে তাকে মাইকিং করা হয়।
জানা গেছে, প্রায় ১৪ মাস আগে একটি পুরুষ বিড়াল পালন শুরু করেন ডিডি শাহবাজপুর গ্রামের ধনী আকন্দের স্ত্রী গৃহবধূ আমিনা। কিন্তু গত রোববার দুপুর ২টার পর থেকে বিড়ালটির কোনো খোঁজ না পেয়ে হতাশায় পড়েন আমিনা। বাড়ির আশপাশে সন্ধান করে বিড়ালটি না পেয়ে পার্শ্ববর্তী গ্রামগুলোতে মাইকিং করছেন তিনি।
গৃহবধূ আমিনা বেগম বলেন, ‘আমার দুই কন্যা সন্তান, তাদের বিয়ে হয়ে গেছে। আমি ওই পুরুষ বিড়ালটিকে নিজের ছেলের মতো আগলে রাখি। সব খাবার বিড়ালটি খায় না। যেসব নির্দিষ্ট খাবার খায় সেসব খাবার কিনে এনে খাওয়াই। বিশেষ করে কাঁচা মাছ খায় না, মাছ ভেজে দিতে হয়। আবার কাঁচা দুধ খায় না, দুধ ফুটানোর পর ঠাণ্ডা করে দিলে খায়।’
তিনি আরও বলেন, বিড়ালটি হারিয়ে যাওয়ার পর থেকে আমি ঠিকমতো খাবার খেতে পারছি না। এতে অসুস্থ হয়ে পড়েছি। কবিরাজ বাড়ী গিয়েছিলাম কবিরাজ বলেছে, বিড়ালটি কেউ আটকে রেখেছে। তাই বিড়ালের সন্ধানে নিজেই মাইকিং করতে বেরিয়ে পড়েছি। বিড়ালটির সন্ধান যদি কেউ দিতে তাকে পুরষ্কার দেওয়ারও ঘোষণা দেন তিনি।
আমিনার বর্ণনায়, বিড়ালটির গায়ের রং লাল এবং পায়ের অংশ কিছুটা সাদা। বিড়ালটির পেট একটু মোটা, হাঁটার সময় পেট দুলতে থাকে।

