বেসরকারি খাতের কর্মীদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা এসেছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। এতে অবসর গ্রহণের সময় মোট সঞ্চিত অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি বা আনুতোষিক হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই সুবিধা যুক্ত করা হয়েছে, যাতে বেসরকারি চাকরিজীবীদের অবসর-পরবর্তী আর্থিক সুরক্ষা আরও শক্তিশালী হয়।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, সামাজিক নিরাপত্তা খাতে ২০২৬-২৭ অর্থবছরে মোট ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তুলনামূলকভাবে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।

