ডেঙ্গু এখন বৈশ্বিক সমস্যা:তোফায়েল

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২১:৩৯

ভোলা প্রতিনিধি

ভোলায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান করেছে রেড ক্রিসেন্টের ৪০ জন স্বেচ্ছাসেবী। শনিবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এর উদ্বোধন করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, ডেঙ্গু এখন একটা বৈশ্বিক সমস্যা। সারাবিশ্বের কোটি কোটি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ফিলিপাইনে ১ লাখ ২০ হাজার আক্রান্ত হয়েছে এবং ৫শ’ লোক মারা গেছে। আজ শুধু বাংলাদেশ নয় ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, ইউরোপে অনেকে ডেঙ্গু আক্রান্ত। আমরা কেউ এ ডেঙ্গুকে যেন রাজনীতি হিসেবে ব্যবহার না করি। এমন মানবিক সমস্যায় প্রত্যেককে এগিয়ে আসতে হবে। কেউ কাউকে দোষারোপ করে লাভ নাই। এটা ঠিক আরো আগ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো উচিত্ ছিল। রাজনীতি না করে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু সমস্যা  মোকাবিলা করি। জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল, যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আজিজুল ইসলাম। রেড ক্রিসেন্ট সোসাইটি, ভোলা চেম্বার অব কমার্স এবং স্বাস্থ্যবিভাগ যৌথভাবে এই আয়োজন করে।