আওয়াজসর্বস্ব ও প্রতারণামূলক বাজেট: এনসিপির তীব্র সমালোচনা

আপডেট : ১২ জুন ২০২৬, ২২:৩৩

বিএনপি সরকারের ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘আওয়াজসর্বস্ব ও প্রতারণামূলক’ হিসেবে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, জনকল্যাণের চেয়ে দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করার উদ্দেশ্যেই এই কাল্পনিক ও ঋণনির্ভর বাজেট প্রণয়ন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ।

সংবাদ সম্মেলনে আতিকুর রহমান মোজাহিদ বাজেটটিকে কাল্পনিক ও ইউটোপিয়ান হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, গত বছরের তুলনায় বাজেটের আকার ১৮ শতাংশ বাড়ানো হয়েছে, যা বর্তমান ভঙ্গুর অর্থনীতির প্রেক্ষাপটে একেবারেই অবাস্তব। বাজেটে এনবিআরের মাধ্যমে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জন করা অসম্ভব বলে মন্তব্য করেন তিনি।

ব্যাংক খাতের সংস্কারের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আতিকুর রহমান বলেন, দেশে ১০ লাখ কোটি টাকার বেশি বৈদেশিক ঋণের পাশাপাশি আট লাখ কোটি টাকার অভ্যন্তরীণ ঋণ রয়েছে। অথচ ব্যাংক খাত সংস্কার নিয়ে বাজেটে কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই। তিনি আশঙ্কা করেন, সরকার ব্যাংক থেকে ঋণ নিতে ব্যর্থ হলে টাকা ছাপানোর পথে হাঁটবে, যা মূল্যস্ফীতিকে আরও প্রকট করে তুলবে।

বাজেটে টিআইএন সার্টিফিকেট বাধ্যতামূলক করা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর উৎসে কর আরোপের কঠোর সমালোচনা করেন তিনি। আতিকুর রহমানের মতে, এসব পদক্ষেপের ফলে সাধারণ মানুষ ব্যাংকিং চ্যানেলে লেনদেন করতে ভয় পাবে এবং অনানুষ্ঠানিক অর্থনীতির পরিধি বাড়বে। এছাড়া করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করাকে হতাশাজনক বলে উল্লেখ করে তিনি এটিকে সাড়ে চার লাখ টাকায় উন্নীত করার দাবি জানান।

কালোটাকা সাদা করার অস্পষ্টতা ও শিক্ষা-স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়ে সংশয় প্রকাশ করে আতিকুর রহমান বলেন, এসব খাতে বরাদ্দের সঠিক বাস্তবায়ন ও দুর্নীতি রোধের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ আশা প্রকাশ করেন, সরকার জনকল্যাণ নিশ্চিত করতে বাজেট সংশোধন করবে। এ সময় অন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএম