চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

আপডেট : ১৩ জুন ২০২৬, ১৩:৫৭

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে নদীপথে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হস্তক্ষেপে ওই চেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে রাধানগর ইউনিয়নের ২২০ নম্বর আন্তর্জাতিক পিলারসংলগ্ন এলাকায় নৌকাপথে শিশু ও নারীদেরসহ ওই ১৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

বিজিবি জানিয়েছে, ওই সময় রোকনপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় নজরদারিতে ছিল। ভারতীয় ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নৌকায় করে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজিবি দ্রুত পদক্ষেপ নিয়ে তা প্রতিহত করে।

পরে তাদের সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করতে দেখা যায়। পরবর্তীতে রাত পৌনে ৩টার দিকে বিএসএফ ওই ১৫ জনকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বলে জানায় বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং টহল ও নজরদারি জোরদার রয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং অন্যান্য অপতৎপরতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

এর আগে গত ৪ জুন একই সীমান্ত এলাকায় আরও ২৮ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবির প্রতিরোধে তা ব্যর্থ হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

ইত্তেফাক/এসজেএস