বিএনপি নেতা রাশেদ খাঁন অভিযোগ করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতাকে ঘিরে ওঠা বিতর্কের ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটি ‘গুমের নাটক’ সাজিয়েছে এবং এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে।
শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খানের দাবি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন এবং পরে ওই নারীকে ভ্রুণ নষ্ট করতে বাধ্য করেছেন। এরপর তাকে বিয়ে না করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ফেসবুক পোস্টে বিএনপির এই নেতা বলেন, ‘এরপর সরকারকে দোষারোপ করে শিবির মিছিল করেছে। তারা বলেছে, সরকার নাকি গুমের সংস্কৃতিতে ফিরে গিয়েছে।’
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খাঁন।
তিনি বলেন, ‘সবচেয়ে অবাক লেগেছে, বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বিবৃতি। তিনি দাবি করেছেন শিবির নেতা ধর্ষক জিসানকে নাকি অপহৃত করা হয়েছে।’
গুম একটি গুরুতর অপরাধ উল্লেখ করে রাশেদ খান বলেন, ‘গুম বড় ধরনের অপরাধ। কিন্তু গুমের নাটক করাও বড় ধরনের অপরাধ। সুতরাং এই শিবির নেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে জামায়াত-শিবির আওয়ামী লীগের মতো আচরণ করছে। তার ভাষায়, ‘বর্তমানে জামায়াত-শিবির ঠিক আওয়ামী লীগের মত জালিম হয়ে উঠছে, কিন্তু তারা ধর্ষক জিসানের মত সবসময় ভিকটিম কার্ড খেলার চেষ্টা করে।’
রাশেদ খাঁন দাবি করেন, জামায়াত-শিবির এখন আর আওয়ামী লীগের বিচার চায় না, কারণ তারা নিজেরাই আওয়ামী লীগের চরিত্র ধারণ করেছে বলে তিনি মনে করেন।
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘এই বাংলাদেশে যারা আওয়ামী লীগের মত জালিম হতে চাইবে, তাদের বিরুদ্ধেও জনগণ কঠোর হিসেবেই অবতীর্ণ হবে।’

