৩৬ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ডের রূপকথার জয়

আপডেট : ১৪ জুন ২০২৬, ১০:১৯

৩৬ বছর পর ফিফা বিশ্বকাপে জয়ের স্বাদ পেল স্কটল্যান্ড। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে জন ম্যাকগিনের একমাত্র গোলে হাইতিকে ১-০ ব্যবধানে হারিয়েছে স্কটিশরা।

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে আসা স্কটল্যান্ড এর আগে সর্বশেষ জয় পেয়েছিল ১৯৯০ সালে, সুইডেনকে ২-১ গোলে হারিয়ে। ১৯৯৮ বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় এবং কোনো ম্যাচ জিততে পারেনি। দীর্ঘ অপেক্ষার পর এবার জয় তুলে নিল দলটি।

ম্যাচের প্রথমার্ধেই ব্যবধান গড়ে দেয় স্কটল্যান্ড। ২৮তম মিনিটে গোল করেন জন ম্যাকগিন। এর মাধ্যমে ২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নাম লেখান তিনি।

গোল হজমের পর রক্ষণভাগ শক্ত করে খেলে হাইতি। দ্বিতীয়ার্ধে আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও স্কটল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেননি ইসিদোর-পিয়েরোরা। ফলে ১-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

এই জয়ে গ্রুপ ‘সি’-তে শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড। একই গ্রুপের অন্য ম্যাচে ব্রাজিল ও মরক্কো ১-১ গোলে ড্র করায় তারা যথাক্রমে দুই ও তিন নম্বরে রয়েছে। হাইতি রয়েছে পয়েন্টশূন্য অবস্থায় তলানিতে।

গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে স্কটল্যান্ডের প্রতিপক্ষ মরক্কো। অন্যদিকে ব্রাজিলের মুখোমুখি হবে হাইতি।

ইত্তেফাক/এনএন