‘মাল্টিন্যাশনাল’ একাদশ নিয়ে ব্রাজিলের বিপক্ষে নেমেছিল মরক্কো 

আপডেট : ১৪ জুন ২০২৬, ১৮:১০

আফ্রিকান ফুটবলে শক্তিশালী অবস্থান তৈরি করেছে মরক্কো। তারা মহাদেশটির প্রথম দেশ হিসেবে সর্বশেষ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছায়। এরপর তারা আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপাও জেতে, যদিও এ নিয়ে কিছু বিতর্ক রয়েছে। সর্বশেষ ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করা ম্যাচে দেখা যায়, দলের অধিকাংশ খেলোয়াড়ই মরক্কোর বাইরে জন্মগ্রহণ করেছেন।

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্রাজিলের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে মোহাম্মদ ওয়াহবির দল। এরপর দলটির স্কোয়াড নিয়ে চমকপ্রদ কিছু তথ্য সামনে আসে। চলমান বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে মাত্র সাতজন খেলোয়াড় মরক্কোয় জন্মগ্রহণ করেছেন। বাকি ১৯ জনই বিদেশে জন্ম নেওয়া, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।

সাধারণত ইউরোপীয় দেশগুলোতে অভিবাসী খেলোয়াড়দের বড় উপস্থিতি দেখা যায়, যেখানে আফ্রিকান দেশগুলোর প্রভাবও উল্লেখযোগ্য। তবে এ দিক থেকে মরক্কো ব্যতিক্রম হিসেবে উঠে এসেছে। বিদেশে অভিবাসিত ফুটবলাররা ফুটবলের প্রয়োজনে আবার শেকড়ের টানে জাতীয় দলে ফিরছেন। ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে মরক্কোয় জন্ম নেওয়া সাত ফুটবলার হলেন- আহমেদ রেদা তাগনাউতি, মারওয়ান সা’দান, ইউসুফ বেলাম্মারি, আজেদ্দিন উনাহি, সুফিয়ান রহিমি, আমিন এসবাই এবং আয়ুব এল কাবি।

মরক্কোর স্কোয়াডে স্পেনে জন্ম নেওয়া ফুটবলারদের উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ছে। অধিনায়ক আশরাফ হাকিমি নিজেও স্পেনে জন্ম নেওয়া ছয় খেলোয়াড়ের একজন। একই তালিকায় রয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজ, ব্রাজিলের বিপক্ষে গোল করা ইসমাইল সাইবারি এবং ডিফেন্ডার চাদি রিয়াদ।

ফ্রান্সের সঙ্গে উত্তর আফ্রিকার ঐতিহাসিক সম্পর্কের কারণে মরক্কো দলে ফ্রান্সে জন্ম নেওয়া ফুটবলারদের উপস্থিতি অস্বাভাবিক নয়। তাদের মধ্যে আছেন ইসা দিয়োপ, আইয়ুব বুয়াদ্দি ও গেসিম ইয়াসিন। নেদারল্যান্ডস থেকে এসেছেন সোফিয়ান আমরাবাত, আনাস সালাহ-এদ্দিন ও নুসাইর মাজরাউই। আর বেলজিয়ামে জন্ম নেওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন বিলাল এল খানুস, চেমসদিন তালবি ও জাকারিয়া এল ওয়াহদি।

মরক্কোর অন্যতম সেরা গোলরক্ষক ইয়াসিন বোনো কানাডার মন্ট্রিয়লে জন্মগ্রহণ করেন। তবে মাত্র তিন বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে মরক্কোতে ফিরে আসেন। অন্যদিকে, জাতীয় দলের কোচ মোহাম্মদ ওয়াহবির জন্ম বেলজিয়ামের ব্রাসেলসে। মরক্কোর শিকড় থাকলেও তার পরিবার দীর্ঘদিন বেলজিয়ামকেই সমর্থন করত। কোচিং ক্যারিয়ারের শুরুর দিকেও তিনি বেলজিয়ামের বিভিন্ন ক্লাবে কাজ করেছেন।

মরক্কোর বিশ্বকাপ স্কোয়াডে থাকা ফুটবলারদের জন্মস্থান

আহমেদ রেদা তাগনাউতি (মরক্কো)
ইউসুফ বেলাম্মারি (মরক্কো)
মারওয়ান সা’দান (মরক্কো)
আজেদ্দিন উনাহি (মরক্কো)
আমিন সবাই (মরক্কো)
আয়ুব এল কাবি (মরক্কো)
সুফিয়ান রহিমি (মরক্কো)
আশরাফ হাকিমি (স্পেন)
মুনির মোহামেদি (স্পেন)
চাদি রিয়াদ (স্পেন)
ইসমাইল সাইবারি (স্পেন)
ব্রাহিম দিয়াজ (স্পেন)
আয়ুব আমাইমুনি (স্পেন)
ইসা দিয়োপ (ফ্রান্স)
রেদোয়ান হালহাল (ফ্রান্স)
আইয়ুব বুয়াদ্দি (ফ্রান্স)
সামির এল মোরাবেত (ফ্রান্স)
নিল এল আইনাউই (ফ্রান্স)
গেসিম ইয়াসিন (ফ্রান্স)
নুসাইর মাজরাউই (নেদারল্যান্ডস)
আনাস সালাহ-এদ্দিন (নেদারল্যান্ডস)
সোফিয়ান আমরাবাত (নেদারল্যান্ডস)
চেমসদিন তালবি (বেলজিয়াম)
জাকারিয়া এল ওয়াহদি (বেলজিয়াম)
বিলাল এল খানুস (বেলজিয়াম)
ইয়াসিন বোনো (কানাডা)

ইত্তেফাক/ আরএইচ