সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লো কলেজছাত্র

আপডেট : ১৪ জুন ২০২৬, ২১:৩৫

দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়ার ঘোষণা দিয়েছেন তাওহীদ ইসলাম নামের এক তরুণ। সারাদেশে ব্রাজিলের জার্সি পরা অবস্থায় ছিচকে চোর-ছিনতাইকারীসহ নানা অপরাধী ধরা পড়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন। সেভেন আপ ও দুধ দিয়ে গোসলের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার (১৪ জুন) দুপুরে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের জিরো পয়েন্টে বসে দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করেন ব্রাজিল সমর্থক তাওহীদ ইসলাম। এসময় আর্জেন্টিনার সমর্থকরা তাকে সমর্থক হিসেবে বরণ করে নেয়।

তাওহীদ কলেজটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

ঘটনাস্থলে উপস্থিত আকিবুল ইসলাম জানিয়েছেন, দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে এবং শপথ বাক্য পাঠ করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগ দিয়েছে তাওহীদ। আমরা তাকে স্বাগত জানিয়েছি।

তাওহীদ বলন, খেলায় হার জিত থাকবে সেটা স্বাভাবিক। কিন্তু দেশব্যাপী ব্রাজিলের জার্সি পড়া চোর ধরা পড়ায় মর্মাহত আমি। শুধু চুরি নয় ব্রাজিলের সমর্থকরা তাদের জার্সি পরে ইভটিজিংও করছে। এই কারণে আমার বান্ধবীরা আমাকে লজ্জা দেয়। তাই বান্ধবীর কথায় অনুপ্রাণিত হয়ে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ত্যাগ করে আর্জেন্টিনায় যোগ দিয়েছি।

ইত্তেফাক/এপি