রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

আপডেট : ১৫ জুন ২০২৬, ১০:৩৩

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মাফল নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (১৪ জুন) তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়।


নিহত মাফল মাদারগঞ্জ উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা গ্রামের বানু মিয়ার ছেলে।
 
পরিবারের সূত্রে জানা গেছে, এক মাস ১২ দিন আগে তিনি রাশিয়ায় পাড়ি জমান। তবে গত ২৯ মে’র পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকার পর পরে পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। তাদের দাবি, ড্রোন হামলায় তিনি প্রাণ হারিয়েছেন।

ছেলের মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। ছবি: ইত্তেফাক

নিহতের চাচা আনিস জানিয়েছেন, জীবিকার সন্ধানে তার ভাতিজা প্রায় দেড় মাস আগে রাশিয়াতে যান। একটি এজেন্সির মাধ্যমে তাকে সেখানে রাজমিস্ত্রির কাজ করার কথা বলা হয়েছিল। তবে পরে তাকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। সেই যুদ্ধের ময়দানেই ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। 
 
নিহতের ভাই আশরাফুল ইসলাম বলেন, ‘এক মাস ১২ দিন আগে রাশিয়ায় গিয়েছিল। সে ড্রোন হামলায় মারা গেছে। আমরা সরকারের মাধ্যমে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’
 
নিহতের বোন আছিয়া বলেন, ‘আমার ভাইসহ প্রায় ৩০ জন বাংলাদেশি একসঙ্গে রাশিয়ায় গিয়েছিল। তাদের আর্মি ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়। আমার ভাই অনেক অনুরোধ করেছিল, কিন্তু কেউ তার কথা শোনেনি। এখন আমাদের একটাই দাবি, সরকার যেন তার মরদেহ দেশে ফিরিয়ে আনেন।’
 
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘রাশিয়ায় মৃত্যুর খবর শুনেছি। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

ইত্তেফাক/আরএইচ