মানিকগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পুলিশের গুলি

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২৩:৫৬

মানিকগঞ্জ সদর উপজেলার গকুলনগর থেকে গরু চুরি করে পিকআপে করে পালানোর সময় সিংগাইরে পুলিশের ধাওয়ায় গাড়ি থেকে পড়ে বাবুল মণ্ডল (৪০) নামের এক জন নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশের গুলি ও গণপিটুনিতে দুই জন আহত হয়েছেন। এ ঘটনায় সিংগাইর থানার এসআই আল মামুনও আহত হন। গতকাল শনিবার  ভোরে এ ঘটনা ঘটে।

সিংগাইর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গকুলনগরে তমছের আলীর বাড়ি থেকে একটি ষাঁড় এবং আজমত আলীর বাড়ি থেকে একটি গাভী চুরি করে পিকআপে তুলে পালাচ্ছিল ছয় জন। তারা সিংগাইরের দিকে যাচ্ছিল। এ খবর পেয়ে এসআই আল মামুন ফোর্স নিয়ে সিংগাইর বাসস্ট্যান্ডে ঐ পিকআপটিকে থামানোর চেষ্টা করেন। এ সময় ঐ পিকআপটি পুলিশ সদস্যদের নির্দেশ অমান্য করে দ্রুত চলে যাওয়ার সময় এসআই আল মামুন পিকআপের পিছনে ওঠে পড়েন।

এ সময় গরুচোররা আল মামুনকে মারধর করলে তিনি আত্মরক্ষার্থে ১০ রাউন্ড ফাঁকা গুলি করেন। চলন্ত পিকআপ থেকে গরু চোর দলের এক জন লাফ দিয়ে নেমে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত বাবুল মণ্ডল হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের চান্দু মণ্ডলের ছেলে। পিকআপটি দ্রুত পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে চররাজনগর মানিকনগর আলিম মাদ্রাসায় দেওয়ালে ধাক্কা খেয়ে থেমে যায়।

এ সময় এসআই মামুনের চিত্কারে স্থানীয় লোকজন এসে গরু চোর দলের দুই জনকে ধরে গণপিটুনি দেয়। এদের মধ্যে সিংগাইর উপজেলার মাধবপুর গ্রামের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছকেল দেওয়ানের ছেলে মিলন দেওয়ানের (৩০) পায়ে গুলি লেগেছে। তাকে পুলিশ পাহারায় ঢাকায় চিকিত্সা দেওয়া হচ্ছে। গণপিটুনিতে আহত অজ্ঞাতপরিচয় আরেক জনকে (৩৫) মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। এদিকে গরু চোরদের মারধরে আহত এসআই আল মামুনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি।