তিউনিশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে সুইডেনের দাপুটে জয়

আপডেট : ১৫ জুন ২০২৬, ১২:১৮

বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এ দারুণ জয় দিয়ে অভিযান শুরু করেছে সুইডেন। মেক্সিকোর মনতেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তিউনিশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দেয় সুইডিশরা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। 

সপ্তম মিনিটে দূরপাল্লার শটে দলকে এগিয়ে দেন ইয়াসিন আয়ারি, তবে তিউনিশীয় বংশোদ্ভূত হওয়ায় গোলের পর কোনো উদযাপন করেননি তিনি। 

ভিক্টর ইয়োকেরেসের বাড়ানো বল পেয়ে শট নেন আলেকজান্দার ইসাক। তিউনিশিয়ার গোলরক্ষকের ব্যর্থতায় বলটি জালে প্রবেশ করে। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্দার ইসাক। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যাচে ফেরার চেষ্টা করে তিউনিশিয়া। ৪৫ মিনিটে হেডের মাধ্যমে গোল করে ব্যবধান কমান ওমর রেকিক। বিরতিতে স্কোরলাইন থাকে ২-১। 

দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সুইডেন। ৫৯ মিনিটে তিউনিশিয়ার অধিনায়ক ইলযাস সিকিরির ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ইয়োকেরেস। এরপর ৮৪ মিনিটে বদলি নেমেই গোল করেন মাটিয়াস সভানবার্গ। প্রথমে অফসাইডের কারণে গোল বাতিল হলেও ভিএআর পর্যালোচনার পর গোলের স্বীকৃতি দেন রেফারি।

অতিরিক্ত সময়ে আবারও নিজের জাত চেনান ইয়াসিন আয়ারি। বক্সের বাইরে থেকে নেওয়া চমৎকার শটে তিনি নিজের দ্বিতীয় গোল করার পাশাপাশি দলের পঞ্চম গোল নিশ্চিত করেন। অন্যদিকে ভিক্টর ইয়োকেরেস ম্যাচ শেষ করেন একটি গোল ও একটি অ্যাসিস্ট নিয়ে, আর আলেকজান্দার ইসাক থাকেন এক গোল ও দুটি অ্যাসিস্টের নায়ক। তাদের দুর্দান্ত সমন্বিত আক্রমণে পুরো ম্যাচে চাপে ছিল তিউনিশিয়ার রক্ষণ। এই জয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে জায়গা করে নেয় সুইডেন।

ইত্তেফাক/আরএইচ