ঘরমুখি মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২৩:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদে ঘরমুখি মানুষের যাত্রা নির্বিঘ্ন ও সহজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। গতকাল শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় শেখ হাসিনা এ নির্দেশনা দেন। এদিকে গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী এ সময় ডেঙ্গু জ্বরের চিকিত্সার সার্বিক বিষয়ে মন্ত্রীকে বিভিন্ন নির্দেশনা দেন।

ছুটির দিনেও কর্মব্যস্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী। গতকাল শনিবার গণভবনে বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন তিনি। পাশাপাশি দলের বেশ কয়েকজন নেতাদের নিয়েও বৈঠক করেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সকাল ১০টায় গণভবনের অফিস কক্ষে আসেন এবং বেলা ৩টা পযন্ত তিনি সেখানে অফিস করেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। প্রধানমন্ত্রী সড়ক ব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রীর কাছ থেকে খোঁজ-খবর নেন এবং ঈদে ঘরমুখি মানুষের যাত্রা নির্বিঘ্ন ও সহজ করতে মন্ত্রীকে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি ভারত সফর থেকে ফেরা স্বরাষ্ট্রমন্ত্রী তার সফরের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী ঈদ জামাত, কোরবানি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেসব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তার উপদেষ্টা এইচটি ইমাম, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সম্পাদকমণ্ডলীর সদস্য অসীম কুমার উকিল প্রমুখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।