ঈদের ছুটিতে বেড়াতে এসে কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে রফিক নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরেক শিক্ষার্থী। এসময় আরো ৩ শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার দুপুরে সৈকতের লাবণী পয়েন্টে ভাটার সময় এ ঘটনা ঘটে।
মোহাম্মদ রফিক (২১) কক্সবাজার শহরের বৈদ্যঘোনার বাসিন্দা জাহেদ হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর নিখোঁজ শিক্ষার্থী আরিফুল ইসলাম কক্সবাজার শহরের রুমালিয়ারছরা পিটি স্কুল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিএসই বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, বিচকর্মীদের মতে ভাটাকালীন নিষিদ্ধ সময়ে শিক্ষার্থীরা সাগরে গোসল করতে নেমেছিল। খবর পেয়ে বিচকর্মী, পুলিশ ও সংশ্লিষ্টরা তাদের উদ্ধারে কাজ করে। বিকাল ৪টার দিকে রফিকের মরদেহ উদ্ধার হয়।
নিখোঁজ শিক্ষার্থীদের বন্ধু ইফতারুল শাহীন ও জাজি জানান, দেশের বিভিন্ন এলাকায় অধ্যয়ন করা বন্ধুরা ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসে শুক্রবার। এদের মধ্যে ৮ বন্ধু শনিবার সৈকতে ফুটবল খেলে সবাই গোসল করতে নামে। এসময় অসাবধানতাবশত ৫ জন চোরাবালিতে আটকা পড়ে। ৩ জনকে কোনোমতে উদ্ধার করা গেলেও আরিফ ও রফিক মুহূর্তে নিখোঁজ হয়ে যায়।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান জানান, সৈকত থেকে উদ্ধারকৃত আহমদ, ইমরুল ও মোবাশ্বেরকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
