ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের গণপিটুনিতে জুম্মন নামে অপর এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পূর্ব দেলপাড়া এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় জুম্মনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। নিহত জুম্মন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া রঘুনাথপুর এলাকার কাইয়ূম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক ও চুরিসহ অন্তত ৫টি মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব দেলপাড়া এলাকায় একটি বাড়ির সামনে জুম্মন দাঁড়িয়ে ছিল। এ সময় একই এলাকার কালু মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মারুফ লোহার শাবল দিয়ে জুম্মনকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এসময় মারুফের সঙ্গে যোগ দেয় আরো ৫/৭ জন। সকলে মিলে প্রকাশ্যে গণধোলাই দেয় জুম্মনকে। তখন আশপাশের লোকজন ছুটে এসে তাদের কাছ থেকে জুম্মনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। ফতুল্লা মডেল থানার এসআই ইলিয়াস জানান, মাদক ব্যবসার বিরোধের জের ধরে কয়েকজন মিলে জুম্মনকে গণধোলাই দিয়ে হত্যা করেছে। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, জুম্মনসহ যারা হত্যা করেছে তারা সকলেই মাদক ব্যবসায়ী। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
