পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জেলে

আপডেট : ১৬ জুন ২০২৬, ১৯:২৩

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সাহাবুল ইসলাম (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এই ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামে আরও এক জেলে আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল তিনটার দিকে পদ্মা নদীর রাইটার চর এলাকায় একটি শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরা নৌকা থেকে সাহাবুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাহাবুল ইসলাম ঈশ্বরদীর সাড়া গোপালপুর গ্রামের ইউনুছ প্রামাণিকের ছেলে। আহত রবিউল ইসলাম ঈশ্বরদীর সাড়া চানমাড়ী গ্রামের আব্দুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত আড়াইটার দিকে পদ্মার চর থেকে মোটরসাইকেল চালিয়ে ৫-৬ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী নদীর কিনারার কাছাকাছি আসে। সেখানে অবস্থানরত শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরা নৌকাটিকে লক্ষ্য করে তারা আচমকা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।

এতে নৌকায় থাকা সাহাবুল ইসলামের ডান কাঁধে গুলিবিদ্ধ হয়ে মাংসসহ হাড় ভেঙ্গে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার সঙ্গে থাকা রবিউল পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। নদীতে ঝাঁপ দেওয়ায় তার শরীর ও দুই হাতে সামান্য আঘাত লেগেছে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি নদীতে ঘটায় স্থানীয় লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ি এসআই মো. সেলিম মিয়া এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ ও তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন।

 

ইত্তেফাক/এমএসআর